পটুয়াখালীর বাউফলে ২০টিরও বেশি চরে ভেকু দিয়ে নদীপাড়ের মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। ছবি : সংগৃহীতএকদিকে তরমুজ চাষের প্রস্তুতি, অন্যদিকে নদীর পাড়জুড়ে ভেকু মেশিনের দাপট। ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করতে গিয়ে কাটা হচ্ছে তেঁতুলিয়া নদীর পাড়ের মাটি। যে নদীর পানি ও পলিতে গড়ে উঠেছে উপকূলের বিস্তীর্ণ কৃষিজমি, সেই নদীর পাড় কেটেই এখন তরমুজ ক্ষেত রক্ষার চেষ্টা করছেন চাষিরা। কিন্তু এই উদ্যোগে বাড়ছে নদীভাঙনের আশঙ্কা। ফসল বাঁচাতে গিয়ে হারিয়ে যেতে পারে চাষের জমিই।
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন চরাঞ্চলে এমন চিত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, অন্তত ২০টি চরে ভেকু মেশিন দিয়ে অবাধে নদীর পাড়ের মাটি কেটে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে নদীর তীর দুর্বল হয়ে পড়ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন।
এ বিষয়ে পরিবেশবিষয়ক সংগঠন সেভ দ্য বি অ্যান্ড বার্ডসের পরিচালক এম এ বাশার বলেন, নদীর তলদেশ ও তীর থেকে মাটি কাটা বেআইনি। এতে নদীর তলদেশ গভীর হয়, পানি প্রবাহের গতি বাড়ে এবং ভাঙন তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, তরমুজ অর্থকরী ফসল হলেও অপরিকল্পিতভাবে নদীর পাড়ের মাটি কাটলে তীরের স্থিতিশীলতা নষ্ট হয়। এতে আবাদি জমি হারানোর পাশাপাশি কৃষকের জীবিকাও ঝুঁকিতে পড়তে পারে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, ক্ষেতের বাঁধ নির্মাণে মাটি কাটার জন্য অনেক কৃষক আবেদন করেছেন। সরেজমিন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, নদীর পাড় কেটে বাঁধ নির্মাণে কৃষকদের নিরুৎসাহিত করা হয়েছে। এরপরও কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চর ফেডারেশন, চর শৌলা, ডুবা চর, আগলা চর, চর মোয়াজ্জেম, চর ব্যারেট, রায়সাহেব, দিয়ারা কচুয়া, চর নিমদী, চর মমিনপুর, মঠবাড়িয়ার চর ও চর বাসুদেব পাশাসহ বিভিন্ন চরাঞ্চলে তরমুজ চাষের প্রস্তুতি চলছে। এসব এলাকায় প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১২ হেক্টর জমিতে আগাম জাতের তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জোয়ারের পানি থেকে ক্ষেত রক্ষায় নদীর পাড় ঘেঁষে বাঁধ নির্মাণ করছেন চাষিরা। তবে বাঁধ তৈরির জন্য অন্য উৎসের মাটি ব্যবহার না করে নদীর পাড় থেকেই মাটি কাটার অভিযোগ উঠেছে।
সরেজমিন তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে দেখা গেছে। চর ফেডারেশনের পূর্ব পাশে প্রিন্স নামের এক চাষি প্রায় ৪০ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছেন। তিনি চট্টগ্রাম থেকে ভেকু মেশিন ভাড়া এনে নদীর পাড় কেটে বাঁধ নির্মাণ করছেন। প্রিন্স জানান, স্থানীয় ওমর মুন্সী নামের এক ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়েছেন তিনি।
তেঁতুলিয়া নদীতে নিয়মিত নৌকা ও ট্রলার চালানো পাঁচজন মাঝি জানান, গত কয়েক বছরে তরমুজ ক্ষেতের বাঁধ নির্মাণের জন্য যেসব স্থানে নদীর পাড় কাটা হয়েছে, সেসব অংশেই ভাঙন তীব্র হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে অনেক আবাদি জমি।
স্থানীয়রা বলছেন, তরমুজ চাষ উপকূলের কৃষকদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবলম্বন। কিন্তু সেই ফসল রক্ষার নামে নদীর পাড় কাটা অব্যাহত থাকলে একসময় হারিয়ে যেতে পারে চাষের জমি, বসতভিটা ও জীবিকার উৎস।
সময়ের আলো/প্রিন্ট/এনএন