বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ২৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন) এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন কারাগারে থাকা আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির না করায় ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলম শুনানি পিছিয়ে এ দিন ঠিক করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তি। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে গত বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান। এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
সময়ের আলো/আরবিএন