বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ, মেরামত ও লাইনের আশেপাশের গাছপালা কাটার কাজের জন্য শনিবার দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার নাটোর গ্রীডের বনপাড়া ৩৩ কেভি লাইন রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশেপাশের গাছপালা কাটার কাজ করা হবে।
এজন্য বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্র ও বড়াইগ্রাম -৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়ন (আংশিক) ও নগর ইউনিয়নের এলাকায় সকাল ৭ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কাজের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ বন্ধের সময় কম-বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে, এক বিজ্ঞপ্তিতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, শনিবার ফরিদপুর গ্রীড, অত্র পবিসের সুইচিং স্টেশন এবং কানাইপুর-১, কানাইপুর-২, ভাঙ্গা-১, ভাঙ্গা-২, বোয়ালমারী ও খলিলমন্ডল হাট ৩৩ কেভি ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
এজন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটজনিত অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বালিয়াগট্টি বাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সালথা উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, খাগড়াছড়ির পানছড়ি জানিয়েছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নত গ্রাহক সেবা নির্ধারণ করতে ৩৩/১১ কেভি উপকেন্দ্র মেরামত ও সংরক্ষণ এবং বিদ্যুৎ লাইনের দুই পাশের গাছ পালা কাটার কাজ করা হবে।
এজন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পানছড়ি বিদ্যুৎ সরবরাহের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা বিউবি জানিয়েছে, চলমান বর্ষা মৌসুমে খাগড়াছড়ি ১৩২/৩৩ কেভি ঠাকুরছড়া গ্রীড উপকেন্দ্র থেকে খাগড়াছড়ি ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের উভয় পাশে ক্রমবর্ধমান গাছের ডালপালা কাটা, ৩৩ কেভি লাইনের প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণ কাজ এবং দফতরের আওতাধীন বিভিন্ন ১১ কেভি ফিডারের ১১ কেভি ও ০.৪ কেভি লাইনের উভয় পাশের গাছপালা কাটা, ১১/০.৪ কেভি লাইনের প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণ এবং বিতরণ ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে।
এজন্য শনিবার ঠাকুরছড়া-খাগড়াছড়ি ৩৩ কেভি লাইন ফিডারের খাগড়াছড়ি পার্বত্য জেলার আওতাধীন ঠাকুরছড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং খাগড়াছড়ি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের (সদর) আওতাধীন সব এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং ৩৩ কেভি লাইনের পাশের গাছপালা কাটার জন্য শনিবার ডিমলা উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিদ্যুৎ সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে।
সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতি জানিয়েছে, দোয়ারাবাজার ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণসহ লাইনের নিকটবর্তী গাছপালা কাটার কাজের জন্য দোয়ারাবাজার সাবজোনাল অফিসের পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।
সময়ের আলো/কেএইচও