সন্ত্রাস বিরোধী আইনের অভিযোগে করা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। নূর মোহাম্মদ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন।
রোববার (২৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল সরকার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহিদ তাজউদ্দীন আহমদ সরণিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে।
তাদের হেফাজত থেকে বিভিন্ন পোস্টার, ব্যানার, একটি প্রেস কার্ড, ককটেল তৈরির সরঞ্জাম এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে আসামির সম্পৃক্ততা যাচাই, নাশকতার অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত এবং ককটেল তৈরির উৎস উদ্ঘাটনের জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে পক্ষে শুনানি করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সময়ের আলো/আআ