এ সুযোগ কাজে লাগাতে হবে দূরদর্শিতা ও সাহসের সঙ্গে

সম্পাদকীয়

মতামত

প্রধানমন্ত্রীরমালয়েশিয়া ও চীন সফর সম্প্রতি দেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘদিনের কূটনৈতিক শীতলতা ও জটিলতার পর

2026-06-29T04:27:59+00:00
2026-06-29T04:27:59+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
মতামত
এ সুযোগ কাজে লাগাতে হবে দূরদর্শিতা ও সাহসের সঙ্গে
সহযোগিতা পাওয়ার পথ প্রশস্ত হলো পাঁচ খাতে
সম্পাদকীয়
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:২৭ এএম 
গ্রাফিক : সময়ের আলো
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর সম্প্রতি দেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘদিনের কূটনৈতিক শীতলতা ও জটিলতার পর এই দুই গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে, যা দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক, আঞ্চলিক সংযোগ ও কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নয়, বরং বাংলাদেশের বহুমাত্রিক বৈদেশিক নীতিতে এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে।

দৈনিক সময়ের আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়- প্রধানমন্ত্রী তারেক রহমানের মাত্র ১৮ ঘণ্টার মালয়েশিয়া সফরকে কূটনৈতিক দৃষ্টিকোণে ‘ঝটিকা কিন্তু নিবিড়’ বলে অভিহিত করা হচ্ছে। কুয়ালালামপুরে মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তি বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। 

পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হলে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। দালিয়ান থেকে শুরু করে বেইজিং ভিজিটে প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে আঞ্চলিক সংযোগ, বন্দর উন্নয়ন, প্রযুক্তি ও অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা আরও সুদৃঢ় হয়েছে। 

চীনের সঙ্গে স্বাক্ষরিত ১৭টি সমঝোতা স্মারক বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থে এক নতুন যুগের সূচনা করেছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের আধুনিকায়ন, আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

এ ছাড়া মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ‘পিপল টু পিপল’ সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনের বিভিন্ন শিখন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে, যা দেশের উন্নয়ন ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোহিঙ্গা ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়েও চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক।

অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে এই সফর বাংলাদেশের জন্য এক যুগান্তকারী সুযোগ। মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ফলে দেশের বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও উন্নয়ন সম্ভাবনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এই সম্পর্কের সফলতা দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।

এই সফর প্রমাণ করে যে, বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এখন বদলে গেছে। আমরা শুধু একান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের দিকে নজর দিচ্ছি না, বরং বৈশ্বিক ও আঞ্চলিক পরিপ্রেক্ষিতে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত পথে হাঁটছি। এই সম্পর্কের গভীরতা ও বিস্তার ভবিষ্যতে দেশের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে সচ্ছলতা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি আমাদের অঙ্গীকার। 

এই সফর দুটি বাংলাদেশের জন্য এক নতুন কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেছে। বহির্বিশ্বে অবস্থান সুদৃঢ় করতে, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এবং আঞ্চলিক শক্তির সঙ্গে সমন্বয় সাধনে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় হলে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। 

বাংলাদেশের জন্য এটি এক সুবর্ণ সুযোগ, যাকে কাজে লাগাতে হবে দূরদর্শিতা ও সাহসের সঙ্গে। এতে করে অর্থনৈতিক, প্রযুক্তি, পারস্পরিক বন্ধুত্বের মধ্য দিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ স্বপ্ন ডানা মেলবে- এটাই আমাদের প্রত্যাশা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 



  বিষয়:   দূরদর্শিতা  প্রধানমন্ত্রী  মালয়েশিয়া  চীন সফর 


Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: