ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি ডিস্ট্রিক্ট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে উল্টে পড়ে দুই কিশোর নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়া পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা মাসুক মিয়া (১৮) ও আরশাদ (১৮)। মাসুক মৃত অহাব মিয়ার ছেলে এবং আরশাদ মো. ফরহাদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে তিনলাখপীর-চারগাছ সড়ক দিয়ে একটি ডিস্ট্রিক্ট ট্রাক চলাচলের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা দুই কিশোর গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একই ইউনিয়নের দুই কিশোরের এমন অকাল মৃত্যুতে শাহবাজপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই