বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছিলেন শিক্ষক। এ সময় হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারাসহ খুলে পড়ে একটি বৈদ্যুতিক ফ্যান।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঁঞা জানান, এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দৌড়ে শ্রেণিকক্ষ ত্যাগ করে। শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় ফ্যানটি খসে পড়ায় বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা।
বিষয়টি তাৎক্ষণিক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসী বলছে, স্কুলের জরাজীর্ণ বিভিন্ন শ্রেণিকক্ষে বেশ কয়েকটি ফ্যান এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে যেকোনও সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
সময়ের আলো/মহু