বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্টদের প্রাইজমানি প্রদান এবং ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (২৮ জুন) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একদিকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনছে।
তিনি বলেন, কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা তাদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথার্থ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করবে এবং দেশের জন্য নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ২৩ জন খেলোয়াড়ের হাতে সম্মাননা ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমির খেলার মাঠে আয়োজিত ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ক্রীড়া মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার সরকারি উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গর্বিত অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সর্ববৃহৎ তৃণমূলভিত্তিক বাহিনী হিসেবে আনসার-ভিডিপি বিকেএসপির সহযোগিতায় প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও তাদের দক্ষতা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করছে। বাহিনীর অসংখ্য খেলোয়াড় ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা।
সময়ের আলো/আআ