প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ১২:০৫ পিএম
জগদীশচন্দ্র বসু। ছবি : সংগৃহীত বাঙালি জগদীশচন্দ্র বসু ছিলেন পদার্থ ও উদ্ভিদবিজ্ঞানী। তিনি ১৮৫৮ সালের ৩০ নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ভগবানচন্দ্র বসু ইংরেজ সরকারের একজন ডেপুটি কালেক্টর ছিলেন। জগদীশচন্দ্রের প্রাথমিক শিক্ষার সূত্রপাত হয় ফরিদপুর জেলার একটি গ্রাম্য বিদ্যালয়ে।
১১ বছর বয়সে বসু পরিবার কলকাতায় চলে যায়। সেখানে তিনি প্রথমে হেয়ার স্কুলে, পরে সেন্ট জেভিয়ার্স স্কুলে অধ্যয়ন করেন। সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে ১৮৭৫ সালে এন্ট্রান্স পরীক্ষায় পাস করেন। ১৮৭৯ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইংল্যান্ডে যান। প্রথমে তিনি এক বছর চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করেন। কিন্তু স্বাস্থ্যগত কারণে ডাক্তারি পড়া বাদ দিয়ে কেমব্রিজ ইউনিভার্সিটির ক্রাইস্ট কলেজে ভর্তি হন। সেখানে তিনি প্রাকৃতিক বিজ্ঞানে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন। প্রায় একই সময়ে ১৮৮৪ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন।
১৮৮৫ সালে দেশে ফিরে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে অধ্যাপনা শুরু করেন। তখন ভারতবর্ষ ছিল ইংরেজদের দখলে। ওই সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার তিন ভাগের দুই ভাগ। জগদীশচন্দ্রের অস্থায়ী চাকরি বলে তার বেতন আরও এক ভাগ কেটে রাখা হয়। এর প্রতিবাদে তিনি বেতন না নিয়েই শিক্ষকতা চালিয়ে যান। তার দক্ষতা দেখে তিন বছর পর ইংরেজ সরকার তার সব বকেয়া পরিশোধ করে তাকে চাকরিতে স্থায়ী করতে বাধ্য হয়।
জগদীশচন্দ্র বেশি খ্যাতি পান ‘গাছেরও প্রাণ আছে’ এই তত্ত্ব প্রমাণ করে। তিনি দেখাতে সক্ষম হন উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনাকালে তিনি যেসব গবেষণা করেন তা লন্ডনের রয়াল সোসাইটির জার্নালে প্রকাশ হয়।
১৮৯৬ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি (ডক্টরেট ইন সায়েন্স) ডিগ্রি দেয়। ১৯১৫ সালে ব্রিটিশ-ভারত সরকার তাকে ‘নাইট উপাধি’ দেয়। তিনি অধ্যাপনা থেকে অবসর নেন ১৯১৬ সালে। দুই বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগপর্যন্ত তিনি সেখানেই গবেষণা পরিচালনা করতেন। ১৯৩৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি দেয়। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর তিনি মারা যান।
সময়ের আলো/মহু