চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, কোনো এলাকায় দুর্যোগ হলে সারাদেশেই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হতে পারে।
করোনাভাইরাসের কারণে টানা কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়েছিল। ৫ বছর পর এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। একইসঙ্গে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অভিন্ন প্রশ্নের কারণে দেশের কোনো একটি এলাকায় ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশে পরীক্ষা স্থগিত রাখতে হতে পারে। এতে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘অভিন্ন প্রশ্নপত্র হওয়ায় কোনো এলাকায় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সারাদেশে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হতে পারে। আবার ভিন্ন চিন্তাও আছে। শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বিবেচনায় তখন সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘কোনো একটা বিভাগে বড় ধরনের ডিজাস্টার আসলে টোটাল পরীক্ষাটাকে পোস্টপন্ড করে অ্যানাদার একটা ডে-তে আবার সারাদেশে পরীক্ষার আয়োজন করা যেতে পারে। এটাকে আমরা বেটার মনে করছি।’
বিশেষ পরিস্থিতিতে কোনো পরীক্ষার্থীর কেন্দ্রে আসতে দেরি হলে নমনীয়ভাবে দেখারও আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘একজন পরীক্ষার্থী কোনো কারণে বা দুর্ঘটনায় সময়মতো কেন্দ্রে যেতে না পারলে- সেটা স্থানীয় প্রশাসন যদি ইচ্ছা করে এবং যৌক্তিক মনে করে, তাহলে তাকে একটু স্পেস দিয়ে পরীক্ষাটা নিতে পারে। এক্ষেত্রে নমনীয় অবস্থান আমাদের রয়েছে।’
উল্লেখ্য, এ বছর ১২ লাখ ৬৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রথমদিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ডে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে।
সময়ের আলো/মহু