মাদক মামলায় ৯ জনের কারাদণ্ড, রায় শুনে আসামির মামার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মাদক মামলায় ৯ জন আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার পরপরই আদালতে

2026-06-30T20:14:05+00:00
2026-06-30T20:14:05+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আইন-আদালত
মাদক মামলায় ৯ জনের কারাদণ্ড, রায় শুনে আসামির মামার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:১৪ পিএম 
ঢাকা মহানগর আদালতে। সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মাদক মামলায় ৯ জন আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার পরপরই আদালতে উপস্থিত এক আসামির মামা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার দশম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক ও ঢাকা মহানগর আদালতের হাজতখানার ইনচার্জ মো. রিপন সংবাদমাধ্যমকে এই রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত ৯ আসামির মধ্যে আজ কেবল মো. মিঠুন মিয়া নামের এক আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। ভাগ্নের রায় শোনার জন্য তার মামা আইয়ুব আলীও আদালতে হাজির ছিলেন। কিন্তু বিচারক সাজা ঘোষণা করার পরপরই আইয়ুব আলী আদালতের ভেতরেই হঠাৎ তীব্র অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদালত প্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে।


এই মামলায় দণ্ডিত অন্য আসামিরা হলেন— মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. বিল্লাল, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া। রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ও পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।  

মামলার নথি ও বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ মে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-২। অভিযানকালে ১ হাজার ৯৫০টি ইয়াবাসহ ওই নয়জনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা করেন। 

তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই উপপরিদর্শক সাজেদুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে ২০১৯ সালের ২৭ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মাদক মামলা  কারাদণ্ড  রায়  আসামি  মামা  মৃত্যু 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: