ক্রিপ্টোকারেন্সি থেকে ট্রাম্পের আয় ১ লাখ ৭২ হাজার ৫৩২ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ব্যবসা থেকে গত বছর আয় হয়েছে ১৪০ কোটি ডলারেরও বেশি (প্রায় ১

2026-07-01T11:43:52+00:00
2026-07-01T11:43:52+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ক্রিপ্টোকারেন্সি থেকে ট্রাম্পের আয় ১ লাখ ৭২ হাজার ৫৩২ কোটি টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৪৩ এএম 
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ব্যবসা থেকে গত বছর আয় হয়েছে ১৪০ কোটি ডলারেরও বেশি (প্রায় ১ লাখ ৭২ হাজার ৫৩২ কোটি)। গতকাল মঙ্গলবার প্রকাশিত ট্রাম্পের সর্বশেষ বার্ষিক আর্থিক বিবরণী (ফিন্যান্সিয়াল ডিসক্লোজার) পর্যালোচনার পর এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, ট্রাম্পের নিজস্ব নীতিমালার কারণে ডিজিটাল সম্পদের বাজারে যে সুবাতাস বইছে, তার সরাসরি সুবিধাভোগী হয়েছেন তিনি নিজেই। বর্তমানে তার আয়ের সিংহভাগই আসছে এই খাত থেকে।

ইউএস অফিস অব গভর্নমেন্ট এথিক্স-এ জমা দেওয়া ২০২৫ সালের বার্ষিক বিবরণী অনুযায়ী, ট্রাম্প ও তার ছেলেরা মিলে ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামের যে ক্রিপ্টো প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, তা থেকে ট্রাম্পের কোম্পানিগুলো প্রায় ৮০ কোটি ডলার পেয়েছে। পারিবারিক অংশীদারত্বের এই আয়ের মধ্যে ৫২ কোটি ডলার এসেছে ক্রিপ্টো টোকেন বিক্রি থেকে এবং ২৫ কোটি ডলার এসেছে ব্যবসার শেয়ার বা অংশীদারত্ব বিক্রি থেকে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ক্রিপ্টোকারেন্সি ট্রাম্পের ব্যক্তিগত ভাগ্য আমূল বদলে দিয়েছে। এক বছর আগের বিবরণীতে ওয়ার্ল্ড লিবার্টি থেকে টোকেন বিক্রির আয় যেখানে মাত্র ৫ কোটি ৭৩ লাখ ডলার ছিল, এবার তা প্রায় ৯ গুণ বেড়েছে। এর বাইরে নিজের নামের ‘ট্রাম্প মেম কয়েন’ বিক্রি করে আরও ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে হোয়াইট হাউজে ফেরার পর থেকে ট্রাম্প পরিবার ক্রিপ্টো-সম্পর্কিত প্রজেক্ট থেকে অন্তত ২৩০ কোটি ডলার আয় করেছে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ট্রাম্প ক্রিপ্টো খাতের জন্য সুবিধাজনক একাধিক পদক্ষেপ নেন। এর মধ্যে ‘স্টেবলকয়েন’-এর জন্য ফেডারেল নিয়মকানুন তৈরি এবং মার্কিন বিচার বিভাগ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কর্তৃক এই খাতের ওপর কঠোর নজরদারি বা পুলিশিং শিথিল করা অন্যতম।

ক্রিপ্টোর বাইরে ট্রাম্প বিভিন্ন মিডিয়া কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তির মাধ্যমে ৮ কোটি ডলার এবং মধ্যপ্রাচ্যের অংশীদারদের কাছে নিজের নাম লাইসেন্স (নাম ব্যবহারের অনুমতি) দিয়ে ৫ কোটি ২০ লাখ ডলার আয় করেছেন। এছাড়া ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টসহ তার গলফ ও রিসোর্ট ব্যবসা থেকে আয় ১৫ শতাংশ বেড়ে ৫০ কোটি ডলারে ঠেকেছে। তবে তার ঐতিহ্যবাহী রিয়েল এস্টেট বা আবাসন ব্যবসা থেকে আয় তেমন বাড়েনি।

প্রেসিডেন্টের নীতিমালার কারণে তার নিজের ব্যবসাই লাভবান হওয়ায় মার্কিন রাজনৈতিক মহলে ‘স্বার্থের সংঘাত’ (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। যদিও হোয়াইট হাউজের মুখপাত্র অ্যানা কেলি এক বিবৃতিতে এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বা তার পরিবার কখনোই স্বার্থের সংঘাতে জড়াননি এবং জড়াবেনও না। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে গর্বের সঙ্গে বিশ্বের ক্রিপ্টো রাজধানীতে পরিণত করেছেন। ট্রাম্প প্রশাসনের প্রতিটি পদক্ষেপ আমেরিকার জনগণের স্বার্থেই নেওয়া হয়েছে।

হোয়াইট হাউজ এর আগে জানিয়েছিল, ট্রাম্পের ব্যবসা এখন তার সন্তানরা দেখভাল করছেন। তবে আইনি নথি অনুযায়ী, ট্রাম্প নিজেই সেই ট্রাস্টের মূল সুবিধাভোগী (বেনিফিশিয়ারি), যেখানে এই বিপুল পরিমাণ আয় জমা হচ্ছে।

এদিকে মার্কিন ফেডারেল এথিক্স অফিসের সাবেক প্রধান ডন ফক্স এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়াটারগেট কেলেঙ্কারির পর থেকে আমেরিকার প্রতিটি প্রেসিডেন্টই স্বার্থের সংঘাত এড়াতে নিজেদের আর্থিক বিষয়গুলো সতর্কতার সঙ্গে পরিচালনা করেছেন। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে এই গণতান্ত্রিক মূল্যবোধ ও নিয়মকানুন সম্পূর্ণ হাওয়া হয়ে গেছে। এই ঘটনা প্রমাণ করে যে, আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট কী ধরনের বিনিয়োগ করতে পারবেন, তা আইন করে সীমাবদ্ধ করার সময় এসেছে।


সময়ের আলো/কহু


  বিষয়:   ক্রিপ্টোকারেন্সি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: