যুদ্ধের মাঠে প্রথম বিস্ফোরণের পর যখন ছুটে আসে উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্সের সাইরেন ভেঙে দেয় ধোঁয়ায় ঢাকা নীরবতা; সেই মুহূর্তে আবার যদি একই স্থানে দ্বিতীয় হামলা হয়, তবে সামরিক পরিভাষায় তাকে ‘ডাবল ট্যাপ স্ট্রাইক’ বলে। গত দুই বছরে গাজা ও লেবাননে ইসরাইলের বেশ কয়েকটি হামলার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো বারবার এই শব্দটি ব্যবহার করেছে। একই ধরনের অভিযোগ উঠেছে ২০২৫ সালে ইরানে ইসরাইলের কিছু হামলা নিয়েও।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাতের কারণে এই কৌশলটি নতুন করে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। রয়টার্স, এপি, বিবিসি, দ্য গার্ডিয়ান ও আলজাজিরার মতো গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো বারবার ইসরাইলের এই পদ্ধতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তবে ইসরাইলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে দাবি করা হচ্ছে যে, তারা কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে।
‘ডাবল ট্যাপ’ আসলে কী : একই এলাকা বা লক্ষ্যবস্তুতে দুটি পৃথক সময়ে হামলা চালানোকে মূলত ‘ডাবল ট্যাপ’ বলা হয়। সাধারণত দ্বিতীয় হামলাটি প্রথম বিস্ফোরণের পরই ঘটানো হয়, যখন উদ্ধারকর্মী, চিকিৎসক, সাংবাদিক বা স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেন। যুদ্ধবিষয়ক গবেষণায় এই কৌশলকে এমনভাবে ব্যাখ্যা করা হয় যেখানে প্রথম আঘাতের পর দ্বিতীয় আঘাতের মাধ্যমে ক্ষয়ক্ষতি বাড়ানো বা উদ্ধার কার্যক্রমকে পুরোপুরি ব্যাহত করার লক্ষ্য থাকে।
আন্তর্জাতিক মানবিক আইন বিশেষজ্ঞদের মতে, যদি দ্বিতীয় হামলা ইচ্ছাকৃতভাবে উদ্ধারকারী বা আহতদের লক্ষ্য করে চালানো হয়, তবে তা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। কারণ এতে জেনেভা কনভেনশনের মৌলিক নিয়ম লঙ্ঘিত হয়, যেখানে উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মীদের বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক আইন কী বলে : যুদ্ধের সময়ও কিছু মৌলিক নীতি বিশ্বব্যাপী বাধ্যতামূলক। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সামরিক ও বেসামরিক লক্ষ্যকে পৃথক রাখতে হবে, অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি এড়াতে হবে এবং বেসামরিক মানুষের ক্ষতি কমানোর জন্য পর্যাপ্ত সতর্কতা নিতে হবে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) দীর্ঘদিন ধরে স্পষ্ট করে বলে আসছে- চিকিৎসাকর্মী, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল ‘বিশেষ সুরক্ষাপ্রাপ্ত’।
এদের ওপর হামলা চালানো আইনের অত্যন্ত গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। আইন বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় হামলার মূল লক্ষ্য যদি উদ্ধারকারীদের আঘাত করা হয়, তবে তা সরাসরি যুদ্ধাপরাধের শ্রেণিতে পড়ে। তবে প্রশ্ন উঠছে এই আইন যখন স্পষ্ট, তখনও বাস্তবে কেন তা কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না?
গাজা ও লেবাননে আগ্রাসী ঘটনা : গত শুক্রবার গাজার মধ্যাঞ্চলের মাগাজি শরণার্থী শিবিরের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরাইলি হামলা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, প্রথম বিস্ফোরণের পর এক ব্যক্তি গাড়ি থেকে বের হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছিলেন ঠিক সেই মুহূর্তে আবারও একই স্থানে দ্বিতীয় দফা হামলা চালানো হয়।
এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল এলাকায় একই ঘটনা ঘটে। এপি ও বিবিসির তদন্ত অনুযায়ী, প্রথম আঘাতের পর উদ্ধারকর্মী ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় হামলা হয়, যাতে মোট ২০ থেকে ২২ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো একে ‘ডাবল ট্যাপ’ কৌশলের স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করে তদন্তের দাবি জানায়। ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়, লক্ষ্য ছিল হামাসের নজরদারি ব্যবস্থা, কিন্তু এই দাবির পক্ষে প্রকাশ্যে কোনো নিরপেক্ষ প্রমাণ দেওয়া হয়নি।
দক্ষিণ লেবাননেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ থকে চলমান সংঘাতে একাধিকবার দেখা গেছে, প্রথম বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্বিতীয় হামলা চালানো হয়। এমনই এক ঘটনায় তিনজন উদ্ধারকর্মী প্রাণ হারান। জাতিসংঘের মানবিক সমন্বয় দফতরের মতে, এ ধরনের হামলা মানবিক কার্যক্রমকে পুরোপুরি ব্যাহত করে এবং সংকটে থাকা মানুষদের সাহায্য পৌঁছানোর পথ রুদ্ধ করে দেয়।
ইরান ও আইনি জটিলতা : ২০২৫ সালে ইরানে ইসরাইলের হামলার পরও ‘ডাবল ট্যাপ’ নিয়ে আলোচনা শুরু হয়। তবে এখানে পরিস্থিতি কিছুটা ভিন্ন। অধিকাংশ হামলার লক্ষ্য ছিল সামরিক বা গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত স্থাপনা ও ব্যক্তি। ফলে প্রতিটি ঘটনাকে একইভাবে অবৈধ হিসেবে চিহ্নিত করা নিয়ে আইন বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে।
কিছু বিশ্লেষকের মতে, একই এলাকায় পরপর দুটি হামলা মানেই তা স্বয়ংক্রিয়ভাবে ‘ডাবল ট্যাপ’ নয়। যদি দ্বিতীয় হামলার লক্ষ্য হয় নতুন করে উপস্থিত কোনো সামরিক বাহিনী বা স্থাপনা, তবে তা আইনসম্মত হতে পারে। কিন্তু যদি উদ্দেশ্য হয় উদ্ধারকারী বা বেসামরিক মানুষকে আঘাত করা, তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
ইসরাইলের অবস্থান ও পাল্টা যুক্তি : ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সবসময় দাবি করছে যে, তাদের লক্ষ্য শুধু হামাস বা হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর সামরিক অবকাঠামো। তাদের অভিযোগ, এই গোষ্ঠীগুলো হাসপাতাল, স্কুল ও ঘনবসতিপূর্ণ এলাকাকে সামরিক কার্যক্রমের আড়াল হিসেবে ব্যবহার করছে। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তদন্তে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রকে সামরিক কাজে ব্যবহার করার কোনো নিরপেক্ষ প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটি স্পষ্ট করেছে, কোনো প্রতিষ্ঠানের বিশেষ সুরক্ষা প্রত্যাহার করার জন্য আন্তর্জাতিক আইনে কঠোর শর্ত রাখা আছে, যা এসব ঘটনায় পূরণ হয়নি।
আন্তর্জাতিক আইন কেন নীরব : ‘ডাবল ট্যাপ’ হামলা আধুনিক যুদ্ধের অন্যতম বিতর্কিত কৌশল হয়ে উঠলেও এটি আন্তর্জাতিক আইনে কোনো স্বতন্ত্র নিষিদ্ধ শব্দ নয়। এর বৈধতা বা অবৈধতা নির্ভর করে হামলার প্রকৃতি, লক্ষ্য ও উদ্দেশ্যের ওপর। এখানেই মূল জটিলতা তৈরি হয়। গাজা, লেবানন বা ইরানের ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে যে, আধুনিক যুদ্ধে সামরিক অভিযান ও মানবিক সুরক্ষার সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে পড়ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো আন্তর্জাতিক আইন যখন স্পষ্ট, তখনও কেন প্রয়োগের ক্ষেত্রে তা দুর্বল?
বিশ্লেষকদের মতে, এর পেছনে রাজনৈতিক প্রভাব, বড় শক্তিধর দেশগুলোর পক্ষপাতিত্ব এবং স্বাধীন তদন্তের অভাবই প্রধান কারণ। জাতিসংঘ বা অন্য সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। ফলে যুদ্ধাপরাধের অভিযোগ উঠলেও জবাবদিহি ও শাস্তি নিশ্চিত করার পথটি প্রায়শই বন্ধ থাকে।
সবশেষে বলা যায়, যুদ্ধক্ষেত্রে সত্য উদঘাটন প্রায়ই কঠিন। তাই আন্তর্জাতিক মানবিক আইন কার্যকর করতে হলে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, যাচাইযোগ্য প্রমাণ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা। অন্যথায় আইনের বইয়ের কথা কেবল কাগজেই থেকে যাবে বাস্তবে মানবিক মূল্যবোধ ধ্বংসের পথ আরও প্রশস্ত হবে।
সময়ের আলো/আআ