
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, সপ্তাহের শুরুতে দখলদার বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যু হয়।
এক বিবৃতিতে পিএফএ দাবি করেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর আল-আশকারসহ শত শত ক্রীড়া ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।
ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেন তিনি। বর্তমানে তার স্ত্রী তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। তার মৃত্যুর খবরে পরিবার, সতীর্থ, ফিলিস্তিনি ক্রীড়াঙ্গন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আল-আশকারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে চিলির ফুটবল ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো। বুধবার (১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে এমন ঘটনার ধারাবাহিকতায় গভীর দুঃখ প্রকাশ করে ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানিয়েছে ক্লাবটি।
তবে এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি কর্তৃপক্ষ।
সময়ের আলো/আরবিএন