গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত ভ্যানে করে মৃত গরু বহন করার সময় স্থানীয় লোকজন মো. জসিম উদ্দিন (৩৫) নামে এক কসাইকে আটক করে। পরে তাকে সুন্দরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
ঘটনায় জসিম উদ্দিনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১ জুলাই) রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিরা বাজারে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মো. আবদুল আজিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত ভ্যানযোগে একটি মৃত গরু নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালায়। সে সময় তারা মৃত গরুটি দেখে জসিম উদ্দিনকে আটক করে।
স্থানীয়দের অভিযোগ, গরুটি জবাই করে বিক্রির জন্য শোভাগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মৃত গরু নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে থানায় নিয়ে আসে। কী কারণে ও উদ্দেশ্যে মৃত গরুটি নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করা হচ্ছে। যেহেতু এই ঘটনায় কেউ মামলা করেনি, তাই গ্রেফতারকৃত ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/আতা