বাসে আগুনে হেলপার নিহত, ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যাওয়া হেলপার মো. সিয়ামের (২৫) মৃত্যুতে শোক ও

2026-11-22T03:19:17+00:00
2026-11-22T03:19:17+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাসে আগুনে হেলপার নিহত, ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:১৯ এএম 
বাসে আগুনে হেলপার নিহত, ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী। ছবি : সংগৃহীত
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যাওয়া হেলপার মো. সিয়ামের (২৫) মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনার প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই যেন প্রকৃত অপরাধীরা পার পেয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডের সার্বিক ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নিহত সিয়ামের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং জড়িতদের দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, ওসি মো. জগলুল হাসান, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের বাস দুটিতে আগুন দেওয়া হয়। এতে ‘বাহক’ বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়াম পুড়ে মারা যান। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।

আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন, বুধবার ভোররাতে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেওয়া হয়। এতে ‘বাহক’ পরিবহনের বাসে ঘুমিয়ে থাকা হেলপার সিয়ামের মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পিরোজপুর  ভাণ্ডারিয়া  বাসে আগুন  ঘুমন্ত  দগ্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: