সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

মানিকগঞ্জে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা

2026-11-22T03:43:57+00:00
2026-11-22T03:43:57+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ এএম 
ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে এই আগুন লাগে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচলকারী এই বাসটির মালিক গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ জাফর। শারীরিক অসুস্থতার কারণে এবং বাসে যান্ত্রিক ত্রুটি ও চালক না থাকায় তিন-চার দিন আগে ঢাকা থেকে এনে সেটি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্কিং করে রাখা হয়েছিল। ঘটনার দিন চিকিৎসার জন্য বাসমালিক ঢাকায় অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দেন। শুরুতে পল্লী বিদ্যুতের খুঁটিতে আগুন লেগেছে বলে মাইকিং করা হলে স্থানীয়রা ছুটে এসে বাসে আগুন দেখতে পান এবং পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে খবর পাই, গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি, বাসটিতে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতা এবং আমাদের দুটি টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা প্রাথমিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসের মালিকের বাড়ি এখানেই। এখানে এসে দেখতে পেলাম বাসে আগুন জ্বলছে। এখন কে বা কারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল এখানে আসে এবং আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ধারণা করা হচ্ছে, চলমান যে পরিস্থিতি, দুষ্কৃতকারীরা জনমনে ভীতি সঞ্চার করতেই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলা রুজু হবে।

তিনি আরও বলেন, সারা জেলাব্যাপী আমাদের পেট্রোলিং কার্যক্রম জোরদার করা হয়েছে। সেই সঙ্গে চেকপোস্ট কার্যক্রমও জোরদার করা হয়েছে। এ ছাড়াও গোয়েন্দা পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আশা করছি, জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কার্যক্রম রোধ করতে সর্বোচ্চ সচেষ্ট থাকব।

সময়ের আলো/আতা
  বিষয়:   মানিকগঞ্জ  আওয়ামী লীগ  সরকার  স্বাস্থ্যমন্ত্রী  যাত্রীবাহী বাস  অগ্নিকাণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: