সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহিদুল ইসলাম। এর আগে,
বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অভিধান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, ডিবি পুলিশের একটি চৌকস দল সাভারের আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় ওত পেতে থাকে। পরে একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৪২ কেজি গাঁজার বিশাল চালান।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথুলি গ্রামের মো. জামাল শেখের ছেলে মো. সোয়েব শেখ (২০)।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।
তারা জানায়, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করেছিল তারা। এরপর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রাইভেটকারে করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ডিবির জালে আটকা পড়ে তারা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা দেশের একটি বড় মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের করে আদালতে পাঠানো হয়েছে । একই সঙ্গে এই চক্রের মূল হোতা এবং মাদকের প্রকৃত উৎস ও রুট শনাক্ত করতে ডিবি পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আতা