রাঙামাটি শহরের মারী স্টেডিয়াম এলাকায় কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১১টার দিকে কোতোয়ালি থানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, জলমনি চাকমা (৪৯) ও নতুন বাবু তংচঙ্গ্যা (৩৯)।
রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনসহ পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে জলমনি ও তংচঙ্গ্যাকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৫ প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই