নীলফামারীর জলঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে সুমি রানী রায় (৩৫) নামে নারী নিহত হয়েছেন। এ ঘটনায় স্বপন রায় নামে একজন যুবক গুরুতর আহত হন।
শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার বাসিন্দা ও উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সুমী মোটরসাইকেল যোগে স্বপন রায়ের সঙ্গে কর্মস্থল নীলফামারীর উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামে একটি বাসের সামনে মোটরসাইকেল ব্রেক করেন। এসময় রাস্তার বালুর সঙ্গে চাকা স্লিপ করে ছিটকে গিয়ে বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন সুমি। এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সময়ের আলো/মহু