সাতক্ষীরার শ্যামনগরে দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ডভ্যান থেকে প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের কোডিনযুক্ত মাদক সিরাপ, ভারতীয় ওষুধ ও বিড়িসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামে একজনকে আটক করেছে র্যাব-৬।
শনিবার (৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
এ সময় ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত সিরাপ (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ডভ্যানও জব্দ করা হয়। উদ্ধার করা মাদক ও অন্যান্য পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
সময়ের আলো/মহু