রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সময়ের আলো/এসএকে