বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সন্ত্রাসবিরোধী দুই ইউনিটের নাম পরিবর্তন করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নতুন নাম রাখা হয়েছে স্পেশাল সিকিউরিটি

2026-07-07T17:44:56+00:00
2026-07-07T17:55:13+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৪৪ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৫:৫৫ পিএম
বাংলাদেশ পুলিশ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সন্ত্রাসবিরোধী দুই ইউনিটের নাম পরিবর্তন করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নতুন নাম রাখা হয়েছে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)। আর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)।

এর আগে ইউনিট দুটির নাম পরিবর্তনের পাশাপাশি তাদের দায়িত্বের পরিধি বাড়ানোর প্রস্তাব দেয় পুলিশ সদর দফতর। গত ৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তনের অনুমোদন চাওয়া হয়। পরদিন ৮ জুন ডিএমপি কমিশনারের কাছে পাঠানো পৃথক চিঠিতে সিটিটিসির নাম পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

পুলিশ সদর দফতরেরে ভাষ্য, দেশে ও বিশ্বে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। সহিংস উগ্রবাদের পাশাপাশি নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিস্তৃত কাঠামো প্রয়োজন হওয়ায় এই পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিটগুলোর বিদ্যমান নিরাপত্তাসংক্রান্ত দায়িত্বও বহাল থাকবে।

পুলিশ সদর দফতরের মতে, নতুন নামে পরিচালিত হলে অতীতে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ থেকে সংস্থাগুলো বেরিয়ে এসে জনআস্থা পুনর্গঠনে সহায়ক হবে।


পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষে অতিরিক্ত উপমহাপরিদর্শকের সই করা প্রস্তাবে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেটের ব্যাপক বিস্তার এবং তথ্যপ্রবাহের কারণে নিরাপত্তা ঝুঁকির ধরন বদলে গেছে। এ কারণে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি হয়ে পড়েছে।

২০১৬ সালে রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এটিইউ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইউনিটটিতে বর্তমানে ৬২০ জনের অনুমোদিত জনবল রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এটি সারা দেশে বিশেষায়িত সন্ত্রাসবিরোধী ইউনিট হিসেবে দায়িত্ব পালন করছে।

প্রস্তাবে বলা হয়েছে, উগ্রবাদী ও জঙ্গি সংগঠনগুলো এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হামলার পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়ন করছে। তারা অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং ডিজিটাল মাধ্যমে তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করছে।

এসব পরিবর্তিত হুমকি মোকাবিলায় এটিইউকে স্পেশাল সিকিউরিটি ইউনিটে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়। নতুন কাঠামোর আওতায় ইউনিটটি জঙ্গিবাদ দমনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও বিস্তৃত ভূমিকা পালন করবে।

এ ছাড়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ নামটি আন্তর্জাতিকভাবে পরিচিত হওয়ায় বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা এবং দেশের অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় আরও সহজ হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পুলিশ  অ্যান্টি টেররিজম  কাউন্টার টেররিজম  ইউনিট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: