ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে প্রবেশ করেছে পানি। সংরক্ষিত এলাকার বেশ কয়েকটি ইয়ার্ড পানিতে সয়লাব হয়ে গেছে। ফলে আমদানি পণ্যের সুরক্ষা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
বুধবার ( ৮ জুলাই) বিকালে বন্দর ইয়ার্ডে এই পরিস্থিতি দেখা গেছে। গেল কয়েকদিন ধরে বন্ধ আছে পণ্যের কায়িক পরীক্ষা।
শিপ হ্যান্ডলিং, বার্থ অপারেটর এসোসিয়েশনের চেয়ারম্যান সারোয়ার হোসেন সাগর বলেন, টানা বর্ষণে বন্দর ইয়ার্ডে প্রবেশ করেছে পানি। এতে পণ্যের কায়িক পরীক্ষা বিঘ্নিত হচ্ছে। এভাবে কাজ বন্ধ থাকলে কনটেইনার সংখ্যা বেড়ে যেতে পারে। বন্দর কার্যক্রমে সংকট তৈরি হয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্টরা জানান, বৃষ্টির প্রভাব পড়েছে বন্দর কার্যক্রমে। বহিনোর্ঙরে পণ্য লাইটারেজ বন্ধ। এখন পানি প্রবেশ করায় ইয়ার্ডেও কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
বন্দর সূত্র জানায়, আবহাওয়ার তিন নম্বর সতর্ক সঙ্কেত বহাল থাকায় গেল সোমবার (৬ জুলাই) থেকে বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ আছে। তবে জেটিতে পণ ওঠানামা স্বাভাবিক ছিল। তবে ইয়ার্ডে পানি প্রবেশ করায় পণ্য ওঠানামা স্বাভাবিক রাখা কঠিন হবে।
সময়ের আলো/জেডি