টানা ভারি বর্ষণের মধ্যে কক্সবাজারের চকরিয়া ও পার্বত্য জেলা বান্দরবানে পৃথক পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন শিশুসহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চকরিয়ায় দুই শিশু এবং বান্দরবানের লামা উপজেলায় একই পরিবারের তিন সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় পাহাড়ধসের এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) এবং তাদের চার বছর বয়সী ছেলে মো. সোলেমান। তারা সবাই মিশনপাড়ার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫) একই ঘটনায় প্রাণ হারান।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, উদ্ধার করা পাঁচজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে একই দিন ভোররাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটাপাহাড়ি গ্রামে পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা ঘটনা দুটির সত্যতা এবং নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান, পাহাড়ধসে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
সময়ের আলো/এসএকে