চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন নুরুল আজিম ওরফে আজম (৪৫) নামে এক দর্জি। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকার একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আজম ওই এলাকার মৃত ইসলামের ছেলে। পেশায় দর্জি আজমের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে যান আজম। সেখানে ওত পেতে থাকা দুই ব্যক্তির সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিক তথ্য ও অভিযোগ অনুযায়ী স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত দিদারুলের নেতৃত্বে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। দিদারুলের বিরুদ্ধে থানায় এরইমধ্যে ৮টি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
সময়ের আলো/জোই