৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে আগামী ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম)

2026-07-11T22:17:22+00:00
2026-07-11T22:17:22+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
বিবিধ
পর্যটনবিশ্বে শক্তিশালী অবস্থান গড়তে
৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:১৭ পিএম 
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ। সংগৃহীত ছবি
বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে আগামী ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) প্রথমবারের মতো এ আয়োজন করছে।

শনিবার (১১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ। সংবাদ সম্মেলনে ট্রাভেল মার্টের বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ। এ সময় উপস্থিত ছিলেন বোটোয়ার সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন ইকবাল, সহ-সভাপতি এ কে এম কামরুজ্জামান এবং সংগঠনের পরিচালকরা।

আয়োজকরা জানান, ৩ থেকে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ২০টি দেশের ১৩০টির বেশি এক্সিবিটর, শতাধিক পর্যটন-সংশ্লিষ্ট অংশীজন এবং প্রায় ১৫ হাজার দর্শনার্থীর উপস্থিতি আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, বাংলাদেশের পর্যটন শিল্প বর্তমানে সম্ভাবনার নতুন দিগন্তে প্রবেশ করেছে। সরকারের নীতিগত সহায়তা, বেসরকারি খাতের বিনিয়োগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এবং আন্তরিক আতিথেয়তা আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয় করে তুলছে। এই সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে সুসংগঠিতভাবে উপস্থাপন এবং আন্তর্জাতিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদারের লক্ষ্যেই প্রথমবারের মতো বাংলাদেশ ট্রাভেল মার্ট আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, এই আয়োজন দেশের পর্যটন, ভ্রমণ ও এভিয়েশন শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, বোটোয়া দেশের আউটবাউন্ড পর্যটন শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন। পাশাপাশি ইনবাউন্ড পর্যটনের সম্প্রসারণ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ, পর্যটন বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করছে।


ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসিন ইকবাল বলেন, বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম ২০২৬ সেই বৃহত্তর ভিশনেরই বাস্তব প্রতিফলন। এই আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতাদের এক প্ল্যাটফর্মে আনা হবে। এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পের সঙ্গে বৈশ্বিক বাজারের সংযোগ আরও জোরদার হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ট্রাভেল মার্টে প্রথমবারের মতো বিজনেস-টু-বিজনেস (বি২বি) এবং বিজনেস-টু-কনজ্যুমার (বি২সি) কার্যক্রম পৃথক দুটি হলে অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের ট্রাভেল ফেয়ারের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক হোস্টেড বায়ারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে ব্যবসায়িক সংযোগ, নেটওয়ার্কিং ও অংশীদারত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আন্তর্জাতিক বায়ার-সেলার মিটিং ও বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত হবে, যা পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন বিনিয়োগ, বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি করবে।

আয়োজকরা আরও জানান, বি২সি প্ল্যাটফর্মে সাধারণ দর্শনার্থীরা দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা, বিশেষ ট্রাভেল অফার এবং বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য-সংক্রান্ত তথ্য ও আকর্ষণীয় অফার সরাসরি গ্রহণের সুযোগ পাবেন।

সময়ের আলো/ইউএমএইচ 



Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: