জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) আসরের নামাজের

2026-07-12T20:13:45+00:00
2026-07-12T20:13:45+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
জাতীয়
জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম 
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) আসরের নামাজের পর সংসদ ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে জানাজা হয় জাতীয় সংসদের মূল ভবনের প্রবেশ টানেলে।

জানাজা শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন। এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়া জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য হুইপগণ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।


এরপর মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। পরে অধিবেশনে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, রোববার ভোরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   জমির উদ্দিন সরকার  জানাজা  প্রধানমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: