ইরান যদি অবিলম্বে ওয়াশিংটনের সাথে সমঝোতা বা আলোচনায় না বসে, তবে দেশটির বেসামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার নতুন ও তীব্র হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে দেওয়া সর্বশেষ বক্তব্যে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, আজ এবং আগামীকাল রাতে মার্কিন বাহিনী ইরানে অত্যন্ত জোরালো ও নিখুঁত হামলা চালাবে। আর আগামী সপ্তাহের মধ্যে আলোচনা টেবিলে না ফিরলে দেশটির সমস্ত বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার সামরিক পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, জ্বালানি খাতের মূল লক্ষ্যবস্তুগুলো আমি শেষের জন্য তুলে রেখেছি, তবে শেষ পর্যন্ত আমরা সেখানে আঘাত করবই। আজ রাতে আমরা তাদের ওপর খুব তীব্র আঘাত হানতে যাচ্ছি, আগামীকাল রাতেও এই ধারা বজায় থাকবে... এবং আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি সত্যিই খুব ভয়াবহ রূপ নেবে।
মার্কিন প্রেসিডেন্ট সরাসরি হুমকি দিয়ে বলেন, তারা যদি আলোচনার টেবিলে এসে চুক্তি না করে, তবে আমরা তাদের সবকটি বিদ্যুৎকেন্দ্র অচল করে দেব। আমরা তাদের যোগাযোগের প্রধান মাধ্যম সেতুগুলো ধ্বংস করে দেব।
তিনি আরও জানান, মার্কিন মধ্যস্থতাকারীরা ইতিমধ্যেই ইরানি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘আপনাদের জন্য এখন একটাই পথ খোলা— একটি চুক্তিতে পৌঁছানো।’
উল্লেখ্য, ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধ চলাকালীন বেসামরিক নাগরিকদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বা অত্যাবশ্যকীয় কোনো স্থাপনায় (যেমন বিদ্যুৎকেন্দ্র বা সাধারণ সেতু) সামরিক হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়।
সময়ের আলো/কহু