৬ কোটি ৭০ লাখ বছর পুরোনো একটি ‘টাইরানোসরাস রেক্স’ বা টি-রেক্সের কঙ্কাল নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। নিউইয়র্কের ঐতিহ্যবাহী সোথবিস নিলাম কেন্দ্রে ডাইনোসরের এই ফসিলটি ৫ কোটি ১ লাখ ডলারে (৫০.১ মিলিয়ন ডলার) বিক্রি হয়। ডাইনোসরের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রির নতুন বিশ্ব রেকর্ড।
১২ ফুটেরও (৪ মিটার) বেশি উচ্চতার এই কুখ্যাত শিকারি প্রাণীর কঙ্কালটির নাম দেওয়া হয়েছে ‘গাস’। সোথবিসের দেওয়া তথ্য অনুযায়ী, এই কঙ্কালটির ৬০ শতাংশেরও বেশি হাড় উদ্ধার করা সম্ভব হয়েছে, যা এটিকে এ যাবৎকালের অন্যতম পূর্ণাঙ্গ টি-রেক্স জীবাশ্ম হিসেবে রূপ দিয়েছে।
তবে মঙ্গলবারের (১৪ জুলাই) নিলামে বিপুল অঙ্কের অর্থ দিয়ে কঙ্কালটি কে কিনেছেন, তাঁর নাম প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠানটি।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত খামারে প্রথম সন্ধান মেলে এই কঙ্কালটির। এরপর ২০২১ থেকে ২০২৩ সালের গ্রীষ্মকালে টানা খননকাজ চালিয়ে মাটির নিচ থেকে এর হাড়গুলো উদ্ধার করা হয়। পরে গবেষণাগারে দীর্ঘ তিন বছর অত্যন্ত যত্ন সহকারে হাড়গুলো জোড়া দিয়ে টি-রেক্সের কঙ্কালটি পূর্বের অবয়বে ফিরিয়ে আনা হয়।
এই দীর্ঘ প্রক্রিয়া ও বিক্রির বিষয় নিয়ে সোথবিসের বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের বৈশ্বিক প্রধান ক্যাসান্দ্রা হ্যাটন জানান, এই অভাবনীয় সাফল্যের পেছনে বহু বছরের নিরলস প্রচেষ্টা জড়িয়ে রয়েছে। ‘গাস’ কেবল একটি ব্যতিক্রমী আবিষ্কারই নয়, এটি অত্যন্ত নিখুঁতভাবে খনন ও সংরক্ষণ করা হয়েছে। তবে বিজ্ঞানীদের মতে, এই নিলাম অতি-ধনীদের জীবাশ্ম সংগ্রহের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে পারে।
পরীক্ষাগারে হাড় জোড়া দেওয়ার সময় গবেষকেরা টি-রেক্সটির শরীরে কিছু চাঞ্চল্যকর তথ্য খুঁজে পান। জীবাশ্মটির খুলিতে অন্য প্রাণীর কামড়ের দাগ রয়েছে এবং জীবদ্দশায় এর পাঁজরের হাড় ভেঙে গিয়ে পরবর্তীতে আবার জোড়া লেগেছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোনো ডাইনোসরের সাথে লড়াই করতে গিয়ে অথবা শিকারের সময় এই আঘাত পেয়েছিল প্রাণীটি।
এই ঐতিহাসিক বিক্রিটি ২০২৪ সালে একটি ‘স্টেগোসরাস’ ডাইনোসরের গড়া আগের রেকর্ডকে অনায়াসে ছাড়িয়ে গেছে। এর আগে স্টেগোসরাস ‘অ্যাপেক্স’ কিনে নিয়েছিলেন বিলিয়নেয়ার কেনেথ গ্রিফিন, যা তিনি পরবর্তীতে একটি জাদুঘরে প্রদর্শনের জন্য ধার দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, নতুন ক্রেতার হাত ধরে ‘গাস’ খুব শীঘ্রই কোনো নামকরা জাদুঘরে সাধারণ মানুষের দেখার জন্য উন্মুক্ত করা হতে পারে।
সময়ের আলো/জেডি