ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর (সম্পূরক) তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ২০ আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলাটিতে তদন্তকারী কর্মকর্তা ১৮ বারের মতো সময় পেলেন।
বুধবার (১৫ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি। এর প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, চলতি বছরের ৬ জানুয়ারি এই মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন। তবে ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ওই চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দাখিল করেন। বাদীর আপত্তির প্রেক্ষিতে ওইদিনই আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম 'ইনকিলাব মঞ্চ' গঠন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন শরীফ ওসমান হাদি।
গত বছরের ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলি লাগলে তিনি মারাত্মক আহত হন।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় এর আগে ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, যা পরবর্তীতে হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়।
সময়ের আলো/জেডি