ইরানের হরমোজগান প্রদেশের বান্দর-ই খামির সেতুতে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, এই হামলায় আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জরুরি সেবা ও স্থানীয় চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মার্কিন বাহিনী ওই অঞ্চলের যোগাযোগ ও কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে এই জোরালো হামলা চালায়। এতে সেতুটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন জোটের মধ্যে চলমান চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিল এই সর্বশেষ হামলা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে তারা বড় ধরনের জয় পাচ্ছেন। এর মাত্র কিছু সময়ের মধ্যেই এই প্রাণঘাতী হামলার খবর সামনে এল।
সময়ের আলো/কহু