মাধ্যমিক স্তরে জাপানি ভাষা চালুর দাবি জালটাবের

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে জাপানি ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জালটাব)। সংগঠনটির দাবি, সরকারের

2026-07-17T19:47:47+00:00
2026-07-17T20:05:06+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিক্ষা
মাধ্যমিক স্তরে জাপানি ভাষা চালুর দাবি জালটাবের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ৮:০৫ পিএম
‘বাংলাদেশে স্কুল পর্যায়ে জাপানি ভাষা চালু’ শীর্ষক সেমিনারে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে জাপানি ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জালটাব)। সংগঠনটির দাবি, সরকারের বিদেশি ভাষা শিক্ষার উদ্যোগের প্রথম ধাপেই জাপানি ভাষাকে অন্তর্ভুক্ত করা উচিত। একই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রয়োজনীয় গবেষণায় সহযোগিতারও আশ্বাস দিয়েছে জালটাব ও জাপান ফাউন্ডেশন।

শুক্রবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগে ‘বাংলাদেশের মাধ্যমিক স্কুল পর্যায়ে জাপানি ভাষা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলা হয়। সেমিনারের আয়োজন করে জালটাব।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জালটাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম। আলোচক হিসেবে জুমের মাধ্যমে যুক্ত হন জাপান ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র বিশেষজ্ঞ কেই শিরাই।


ড. মোহাম্মদ আনছারুল আলম বলেন, বর্তমানে বাংলাদেশি তরুণদের মধ্যে জাপানি ভাষা শেখার আগ্রহ ও চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতায় মাধ্যমিক স্তর থেকেই জাপানি ভাষা শিক্ষার সুযোগ তৈরি করা প্রয়োজন। তিনি জানান, জাপান ফাউন্ডেশন ও জালটাব যৌথভাবে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং প্রয়োজনীয় জরিপ ও গবেষণাসহ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

কেই শিরাই বাংলাদেশ সরকারের উদ্যোগ এবং জালটাবের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, স্কুল পর্যায়ে জাপানি ভাষা চালুর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

সেমিনারে জাপান ফাউন্ডেশনের বিশেষজ্ঞ তোমোয়ুকি ফুকুই এবং জালটাবের সাধারণ সম্পাদক কুনিয়াকি ওকাবায়াশি উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হন হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর একাডেমিক প্র্যাকটিস অ্যান্ড রিসোর্সেসের টিচিং ফেলো আহমেদুর আজম এবং জাপানের আইচি ইউনিভার্সিটি অব এডুকেশনের গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশনের পিএইচডি গবেষক তারেক রহমান। তারা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে স্কুল পর্যায়ে জাপানি ভাষা চালুর উদ্যোগের প্রতি সমর্থন জানান।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জুয়াবের শিক্ষক ফজিলাতুন্নেসা শিউলি ভাষা শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের শেষ পর্বে জালটাবের সাধারণ সম্পাদক কুনিয়াকি ওকাবায়াশি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সংগঠনের একটি প্রতিনিধি দল গঠনের প্রস্তাব দেন।

সেমিনারে গৃহীত সুপারিশগুলো সংশ্লিষ্ট অংশীজনদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং বাংলাদেশে মাধ্যমিক স্তরে জাপানি ভাষা চালুর প্রক্রিয়া এগিয়ে নিতে জালটাব পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সময়ের আলো/কেআই


  বিষয়:   জাপান  ভাষা  জালটাব 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: