গাজীপুরের কালিয়াকৈরে ‘বে ফুটওয়্যার লিমিটেড’ কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাঁটাই আদেশ প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।
শনিবার (১৮ জুলাই) সকালে কারখানার সামনে শ্রমিকদের এই বিক্ষোভের চিত্র দেখা গেছে।
শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই উপজেলার মৌচাক তেলিরচালা এলাকার ওই কারখানায় টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে অনেক শ্রমিক সময়মতো কাজে যোগদান করতে পারেননি। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে। পরবর্তীতে ১২ জুলাই এ বিষয়টিকে কেন্দ্র করে শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
এরই জেরে ১৩ ও ১৪ জুলাই কারখানার বেশ কিছু শ্রমিকের আইডি কার্ড রেখে তাদের কারখানা থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত ১৫ জুলাই সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিতে এসে দেখেন, কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
শনিবার সকালেও কারখানাটি খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা পুনরায় ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।
কারখানা বন্ধ ও শ্রমিক অসন্তোষের বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম জানান, কিছু শ্রমিককে ছাঁটাই করার পর গত চারদিন ধরে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ দ্রুতই কারখানাটি খুলে দেবে বলে আশ্বাস দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সময়ের আলো/জোই