নোয়াখালীতে মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, হাতিয়া উপজেলার শূন্যের চর এলাকার মো. ফয়সাল (৩৫) ও সুবর্ণচর উপজেলার চর এলাকার জাহাঙ্গীর আলম (৩২)।
পুলিশ জানিয়েছে, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিডিনিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এর আগে সোনাপুর থেকে জয়দেব নামে অন্য এক যুবকের একটি মোটরসাইকেলও চুরি হয়।
এ সময় সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এস আই) ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফয়সাল ও জাহাঙ্গীরের কাছ থেকে প্রথমে আবু নাছের মঞ্জুরের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। রাতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়দেবের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এ চক্র দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরির পর অন্য জেলায় পাচার করে আসছে। তারা নোয়াখালী থেকে গত কয়েকদিনে আরও কয়েকটি মোটরসাইকেল চুরি করেছে বলে ধারণা করছে পুলিশ। এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় করা দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১৮ জুলাই) তাদেরকে আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/জোই