সাতক্ষীরায় টানা বৃষ্টিতে লক্ষাধিক মানুষ জলাবদ্ধতার কবলে

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় টানা দুই সপ্তাহের প্রবল বর্ষণে পৌর এলাকাসহ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে।সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, মধুমল্লারডাঙ্গী,

2026-07-20T22:34:48+00:00
2026-07-20T22:34:48+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় টানা বৃষ্টিতে লক্ষাধিক মানুষ জলাবদ্ধতার কবলে
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:৩৪ পিএম 
বাসাবাড়িতে জলাবদ্ধতা। ছবি : সময়ের আলো
সাতক্ষীরায় টানা দুই সপ্তাহের প্রবল বর্ষণে পৌর এলাকাসহ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে।

সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, মধুমল্লারডাঙ্গী, বদ্দীপুর কলোনি, মধ্যকাটিয়া, রইচপুর, রাজারবাগান ও পুরাতন সাতক্ষীরাসহ সদর উপজেলার মাগুরা, বিনেরপোতা, গোপীনাথপুর, গোবিন্দপুর, মাছখোলা, ঝাউডাঙ্গা, বল্লী, লাবসা, ব্রহ্মরাজপুর ও ধূলিহর ইউনিয়নের নিম্নাঞ্চল এখনও কোমর পানিতে ডুবে আছে। বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

পানির নিচে তলিয়ে গেছে অসংখ্য বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা এবং ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। ফলে লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে দিনাতিপাত করছেন। অচল ড্রেনেজ ব্যবস্থা ও শহরতলিতে অপরিকল্পিত মাছের ঘের তৈরি করাকেই এই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন ভুক্তভোগীরা।

জলাবদ্ধতার কারণে বাসাবাড়িতে রান্না-বান্না করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি সাপ ও পোকা-মাকড়ের উপদ্রবে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক এলাকায় যাতায়াত ও যোগাযোগব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ১ জুলাই থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত জেলায় মোট ৪৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১০ জুলাই এক দিনেই সর্বোচ্চ ২২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। চলতি মাসজুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, অতিবর্ষণে জেলার ৬৩টি প্রাথমিক বিদ্যালয় জলাবদ্ধতার কবলে পড়েছে। এর মধ্যে আশাশুনিতে ২০টি, কলারোয়ায় ১০টি, তালায় ১টি, শ্যামনগরে ১২টি এবং সাতক্ষীরা সদর উপজেলায় ২০টি বিদ্যালয় রয়েছে। শ্রেণিকক্ষের চেয়ার-বেঞ্চ পানিতে ডুবে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। তবুও কোমলমতি শিশুদের সুরক্ষার কথা ভেবে কষ্ট করেই পাঠদান চালানো হচ্ছে। তবে সদর উপজেলার বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনোভাবেই ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।


জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম জানান, টানা বৃষ্টিতে দুই শতাধিক মাছের ঘের ভেসে গেছে, যাতে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে ৬ হাজার হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে এবং বেশ কিছু সবজি খেত পচে গেছে।

পৌরসভার বদ্দীপুর কলোনির বাসিন্দা আছমা খাতুন আক্ষেপ করে বলেন, আমরা প্রায় এক যুগ ধরে এই জলাবদ্ধতার কষ্টে আছি। একটু বৃষ্টি হলেই এলাকা ডুবে যায়, রান্না করাও সম্ভব হয় না। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। প্রথম শ্রেণির পৌরসভায় বাস করেও আমরা ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।

ইটাগাছা এলাকার মাসুদ হোসেন জানান, পানিতে নেমে আমাদের পরিবারের সবার পায়ে ঘা ও চুলকানি হয়েছে। চরম জ্বালা-যন্ত্রণায় ভুগছি আমরা।

নাগরিক অধিকার উন্নয়ন কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা বলেন, সাতক্ষীরা শহর ও সদরের বিস্তীর্ণ এলাকার এই জলাবদ্ধতার প্রধান কারণ বিধিবহির্ভূত ভবন নির্মাণ এবং শহরতলিতে যত্রতত্র মাছের ঘের করা। জলাবদ্ধতা নিরসনে দ্রুত খালগুলো পুনঃখনন করা, পানি আটকে রেখে অবৈধভাবে মাছ চাষ বন্ধ করা এবং খালের নেট-পাটা অপসারণ করা জরুরি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (ডিভিশন-১)-এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, খালের অপরিকল্পিত ব্যবহার, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা এবং অসৎ লোকজনের অবৈধ দখলের কারণে প্রতিবছর সাতক্ষীরায় এই জলাবদ্ধতা তৈরি হয়, যা লাখ লাখ মানুষকে কষ্টে ফেলে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বলেন, পৌরসভাসহ সদর উপজেলার জলাবদ্ধতা নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ চলছে। বিগত বছরগুলোর মতো এবারও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ড্রেন কাটা ও খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের প্রক্রিয়া শুরু হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাতক্ষীরা  টানা বৃষ্টি  জলাবদ্ধতা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: