৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

অর্থনীতি

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস

2026-07-21T02:15:52+00:00
2026-07-21T02:15:52+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অর্থনীতি
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:১৫ এএম 
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই-এর। সংগৃহীত ছবি
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পরীক্ষায় এসব পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানের ঘাটতি পাওয়া গেছে। সোমবার বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এ সময় আট পণ্যের বিষয়ে বিএসটিআই জানায়, মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়ায় ফ্রেশ গার্ডেন এগ্রো রিসোর্সেসের আমের আচার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত মানের তুলনায় টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট বেশি পাওয়ায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমও বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পরীক্ষায় মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়ায় অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। 

অন্যদিকে ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডারে নির্ধারিত মানের চেয়ে ভিটামিন ‘সি’ কম পাওয়ায় ওই পণ্যও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া পণ্যগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। পণ্যের লাইসেন্স নবায়ন বা অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


সংস্থাটি আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএসটিআইর মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মানসম্মত পণ্য পাওয়া জনগণের অধিকার। তাই পণ্য কেনার আগে ক্রেতাদের বিএসটিআইর মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করা উচিত। কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা বা বিএসটিআইর মানচিহ্নের অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থাকলে দ্রুত সংস্থাটিকে জানানোর আহ্বান জানান তিনি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 



  বিষয়:   চার প্রতিষ্ঠান  ৮ পণ্য  বাজার  প্রত্যাহার  নির্দেশ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: