ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের অনশন কর্মসূচির সময় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘কথা দিয়ে কথা না রাখার’ গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার (২১ জুলাই) ভারতের কেন্দ্রীয় পিএমও (প্রধানমন্ত্রীর কার্যালয়) প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই অভিযোগ তোলেন।
জিতেন্দ্র সিং জানান, বিক্ষোভের সময় তিনি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আন্দোলনরত কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলতে যান। কারণ, বিক্ষোভ মিছিলে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মতো শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, তিনি যখন রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন, তখন রাহুল জানান— সংসদে মেডিকেল প্রবেশিকা ‘নীট-ইউজি’ পরীক্ষা ও প্রশ্নপত্র ফাঁসের সার্বিক বিষয়ে আলোচনার সুযোগ দিলে তারা এখনই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেবেন।
জিতেন্দ্র সিংয়ের দাবি, সরকারের শীর্ষ পর্যায়ের অনুমতি নিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই রাহুল গান্ধীকে জানানো হয়, তার এই দাবি মেনে নেওয়া হয়েছে। সরকার সংসদে নীট পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।
তবে আলোচনার অনুমতি দেওয়ার কথা জানানোর পরপরই রাহুল গান্ধী তার অবস্থান পরিবর্তন করেন বলে অভিযোগ করেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, যখন তাকে জানানো হলো যে সরকার সংসদে আলোচনার প্রস্তাব মেনে নিয়েছে, তখন রাহুল নতুন শর্ত জুড়ে দেন। তিনি স্পষ্ট জানান, শুধু আলোচনায় হবে না, পাশাপাশি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।
প্রতিমন্ত্রী জানান, হুট করে অবস্থান বদলানোর বিষয়টি নিয়ে তিনি রাহুলকে স্মরণ করিয়ে দিলে রাহুল গান্ধী জবাবে বলেন, তখন আমার দাবি একটি ছিল, কিন্তু এখন আমার দাবি বদলে গেছে।
জিতেন্দ্র সিং আরও অভিযোগ করেন, এত দ্রুত নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাওয়া কোনো দায়িত্বশীল শীর্ষ নেতার আচরণ হতে পারে না বলে রাহুলকে বিনয়ের সঙ্গে বোঝানোর চেষ্টা করা হলে, রাহুল সরাসরি উত্তর দেন— ‘এটা আমার একচ্ছত্র অধিকার’।
একই সময়ে স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাহুল গান্ধীকে জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের এই এলাকাটি যেকোনো ধরনের বিক্ষোভ বা অবস্থান কর্মসূচির জন্য নিষিদ্ধ এবং অনুপযুক্ত। জবাবে রাহুল বলেন, তিনি কোথায় বসবেন বা অবস্থান নেবেন, সেটাও ‘তার নিজস্ব অধিকার’।
উল্লেখ্য, বিতর্কিত ‘নীট-ইউজি ২০২৬’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার দিল্লির লোক কল্যাণ মার্গে মোদির বাসভবন অভিমুখে রওনা হলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক কংগ্রেস নেতৃত্বকে আটক করে দিল্লি পুলিশ।
সময়ের আলো/কহু