গৃহকর্মীর অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২২ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে শুনানির জন্য ২ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়ান (১৫) নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। তিনি ওই ভবনের বাসিন্দা সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় প্রীতির বাবা লুকেশ ওড়ান সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে চলতি বছরের ৩১ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) এস এম মাহমুদ রেজা দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
সময়ের আলো/এসএকে