আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সব দফতরের অভ্যন্তরীণ প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানা গেছে। বিধানসভায় এ ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ভাষ্য, প্রশাসনকে আরও জনমুখী ও সহজবোধ্য করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের অভ্যন্তরীণ সরকারি নথি, অফিস আদেশ, বিজ্ঞপ্তি, আবেদনপত্র, শংসাপত্র, প্রকল্পের নির্দেশিকা, সরকারি ওয়েবসাইট ও অনলাইন সেবায় বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা হবে। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী হিন্দি ও অন্যান্য স্বীকৃত ভাষা ব্যবহার করা হবে।
শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের ভাষা বাংলা। তাই প্রশাসনের ভাষাও মানুষের ভাষা হওয়া উচিত। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নীতি বাস্তবায়নে সরকারি দফতরগুলোকে বাংলা ইউনিকোডে টাইপিং, নথি প্রস্তুত ও কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভাষাবিদ ও শিক্ষাবিদদের অনেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মাতৃভাষায় সরকারি সেবা নিশ্চিত হলে সাধারণ মানুষের প্রশাসনিক কাজ আরও সহজ হবে। তবে তারা মনে করছেন, শুধু ঘোষণা নয়, কার্যকর বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সময়ের আলো/কেএইচও