ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা বিক্ষোভ নতুন করে সহিংস রূপ নিয়েছে।
বুধবার (২২ জুলাই) রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং কিছু এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
পুলিশের অভিযোগ, টলস্টয় মার্গ এলাকায় বিক্ষোভকারীদের একাংশ নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। এতে অন্তত দুইজন এসিপিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষের পর যন্তর মন্তর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার পর বিক্ষোভস্থলে মানুষের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার কিছু অংশে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চলছে। একই দাবিতে সমাজকর্মী সোনম ওয়াংচুকও অনশন কর্মসূচিতে যোগ দেন। পরে তাকে সেখান থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হলেও আন্দোলনকারীদের কর্মসূচি অব্যাহত রয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
সময়ের আলো/কেএইচও