কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুই চোরাকারবারিকে আটক করেছেন ২ বিজিবি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে সাবরাং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। তারপর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) রাত ১টা ৩০ মিনিটের দিকে নাফ নদীতে আধুনিক ফ্যান্টম নৌযানসহ একটি বিশেষ অভিযানিক দল মোতায়েন করে। রাত ৩টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে, বিজিবি সদস্যরা সেটিকে ধাওয়া করেন। এসময় নৌকায় থাকা চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে ২ জনকে আটক করা হয়। তবে, অন্য একজন সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে চোরাকারবারিদের নৌকাটি বিজিবির ফ্যান্টম বোটের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই অর্ধনিমজ্জিত হয়।’
আটক ব্যক্তিরা হলেন- উখিয়ার কুতুপালং এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা জুস মোহাম্মদ (৩০) ও আলিখালী এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস (৩৭)।
তিনি আরও জানান, আটক দুই ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলার মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/মহু