অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে করা মামলায় নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলামসহ কয়েকজন জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে শুনানি করেন। অপরদিকে দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, নজরুল ইসলাম মজুমদার ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকাকালে ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে নিয়মবহির্ভূতভাবে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন করেন। ওই ঋণের মাধ্যমে ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের ঘটনা ঘটেছে বলে সংস্থাটির দাবি।
এই ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনকে আসামি করে মামলা করেন। ২০২৪ সালের ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
সময়ের আলো/জেডি