নিট প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে এই বিক্ষোভ আন্দোলনে হাজার হাজার তরুণের পাশাপাশি যোগ দিয়েছেন খুদে শিক্ষার্থীরাও।
‘নিজের ভবিষ্যতের চিন্তায় অংশ নেওয়া’ তেমনই একজন ১৩ বছর বয়সী আন্দোলনকারী উমাসা। বিক্ষোভে অংশ নিয়ে তিনি বলেন, আমি একটি সুন্দর ভবিষ্যৎ চাই।
দিল্লির দরিয়াগঞ্জের বাসিন্দা উমাসা তার বাবা সেলিম এবং বান্ধবী রাহিসার সঙ্গে জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরের প্রতিবাদ স্থলে হাজির হয়। প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিলের পর হাজার হাজার পরীক্ষার্থীকে যে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়তে হয়েছে, তা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আগামী দিনে বড় হয়ে যাতে তাকে এই ধরনের অনিশ্চয়তার মুখোমুখি হতে না হয়, সেই চিন্তা থেকেই তিনি নিজের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন। তিনি আরও বলেন, এই আন্দোলন দেশের প্রতিটি শিক্ষার্থী ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার লড়াই।
সময়ের আলো/ইউএমএইচ