রোহিঙ্গা সমস্যার পেছনে রাজনৈতিক ব্যর্থতাকে দায়ী করে এই সংকটের একটি স্থায়ী ও টেকসই রাজনৈতিক সমাধান চেয়েছে বাংলাদেশ। ম্যানিলায় আয়োজিত এক আন্তর্জাতিক মঞ্চে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্পষ্টভাবে বলেছেন, ‘রোহিঙ্গারা আকস্মিক কোনো পরিস্থিতির শিকার হয়ে রাষ্ট্রহীন হয়নি; বরং তাদের সুপরিকল্পিতভাবে রাষ্ট্রহীন করে রাখা হয়েছে। যেহেতু এটি একটি রাজনৈতিক ব্যর্থতা, তাই এর সমাধানও রাজনৈতিক পথেই হতে হবে।’
বৃহস্পতিবার (২৩ জুলাই) ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে প্রদত্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থানরত ও বাস্তুচ্যুত ১৩ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য নিরাপদ, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে একটি অনুকূল পরিবেশ তৈরিতে এগিয়ে আসতে এআরএফের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নতুন সভাপতি হিসেবে নিজের আসন্ন মেয়াদের বিষয়টি তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, ‘বর্তমান বৈশ্বিক সংকট ও চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আলোচনা এবং কূটনীতিকেই মূল হাতিয়ার হিসেবে বেছে নিতে হবে।’
পাশাপাশি সামুদ্রিক সীমানা ও অঞ্চল সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিশ্বের সকল দেশকে সর্বোচ্চ ধৈর্য ও সংযম দেখানোর আহ্বান জানান তিনি।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও প্রস্তুতি জোরদারে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ নতুন প্রযুক্তির সম্ভাবনা ও ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক ও উন্নয়নমূলক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ‘আঞ্চলিক প্রযুক্তি শাসন’ (রিজিওনাল টেকনোলজি গভার্ন্যান্স) নীতিমালা তৈরির প্রস্তাব দেন।
এদিকে আসিয়ান ফোরামের মূল অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন খাত, মানবিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সমর্থন জোরদারের বিষয়ে আলোকপাত করা হয়।
দ্বিপাক্ষিক আলোচনা চলাকালে প্রতিনিধিরা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেতে চলায় ড. খলিলুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তার মেয়াদকালে নিজ নিজ দেশ থেকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সময়ের আলো/জেডি