দেশের প্রশাসনে নতুন ইতিহাস তৈরি হয়েছে। বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ২১ জেলায় নারী জেলা প্রশাসক (ডিসি) দায়িত্ব পালন করছেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ ১৮ জন নারী জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে সেই রেকর্ড ভেঙে ২১ জন নারী ডিসি দায়িত্বে রয়েছেন। তবে দেশের নয়টি বিভাগীয় কমিশনার পদের কোনোটিতেই বর্তমানে নারী কর্মকর্তা নেই।
বর্তমানে দায়িত্বে থাকা নারী জেলা প্রশাসকরা হলেন- ঢাকার ফরিদা খানম, মুন্সীগঞ্জের সৈয়দা নূরমহল আশরাফী, নরসিংদীর ইসরাত জাহান কেয়া, মানিকগঞ্জের নাজমুন আরা সুলতানা, কিশোরগঞ্জের সোহানা নাসরিন, টাঙ্গাইলের শরিফা হক, রাজবাড়ীর আফরোজা পারভীন, শরীয়তপুরের তাহসিনা বেগম, মাদারীপুরের মর্জিনা আক্তার ও কুমিল্লার রোজী আক্তার।
এ ছাড়া রাঙ্গামাটির নাজমা আশরাফী, ফেনীর মনিরা হক, নাটোরের আসমা শাহীন, খুলনার হুরে জান্নাত, সাতক্ষীরার কাউসার আজিজ, চুয়াডাঙ্গার লুৎফুন নাহার, মেহেরপুরের শিল্পী রানী রায়, বরগুনার তাছলিমা আক্তার, কুড়িগ্রামের অন্নপূর্ণা দেবনাথ, পঞ্চগড়ের মোছা. শুকরিয়া পারভীন এবং শেরপুরের ফরিদা ইয়াসমিন জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে নারী ডিসির সংখ্যা সবচেয়ে বেশি। বিভাগের ১৩ জেলার মধ্যে ৯টিতে নারী জেলা প্রশাসক রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে নারী ডিসি দায়িত্ব পালন করছেন।
সময়ের আলো/আরবিএন