কয়েক বছর আগে কানাডায় স্থায়ী হওয়ার পর শোবিজ অঙ্গন থেকে অনেকটাই দূরে ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন। বিরতির পর আবারও চেনা ছন্দে ফিরেছেন তিনি। সম্প্রতি দেশে ফিরে নতুন অনুষ্ঠান ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’-এর সঞ্চালকের আসনে বসেছেন মুনমুন।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা মুনমুন অভিনয়ে অভিষেক করেছিলেন তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে। পরে নাটকেও অভিনয় করলেও উপস্থাপক হিসেবেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান।
বিশেষ করে ‘আমার আমি’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি হয় তার। একটি পডকাস্টে মুনমুন জানিয়েছিলেন, গবেষণাভিত্তিক কোনো অনুষ্ঠানের প্রস্তাব পেলে আবারও উপস্থাপনায় ফিরতে চান। শুধু পর্দায় উপস্থিত
থাকার জন্য নয়, এমন কাজ করতে চান যা মানুষের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে। সেই প্রত্যাশার বাস্তব রূপই ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’।
অনুষ্ঠানটিতে অভিনয়, সংগীত, শিল্প, সাহিত্যসহ বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিদের জীবনের গল্প ও অভিজ্ঞতা উঠে আসবে। প্রথম পর্বে অতিথি হয়েছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা। পরবর্তী পর্বগুলোতে থাকবেন- নাট্যজন মামুনুর রশীদ, আবুল হায়াত, তারিক আনাম খান, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, অদিতি মহসিন, নকীব খান, জাদুশিল্পী জুয়েল আইচ, কথাসাহিত্যিক নাসরীন জাহান এবং স্থপতি রফিক আজমসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন।
গত ৫ থেকে ৮ জুলাই অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ বর্তমানে কাহিনি স্টুডিওসের ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচারিত হচ্ছে। ১৩ পর্বের এই অনুষ্ঠানের নতুন পর্ব প্রতি সপ্তাহে প্রকাশ করা হবে।
সময়ের আলো/আআ