প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ পিএম
বাপ্পা মজুমদার। ছবি : সংগৃহীতবাংলাদেশের আধুনিক ব্যান্ড সংগীতের গৌরবময় অধ্যায়ের অন্যতম মুখ বাপ্পা মজুমদার। নব্বই দশকের মাঝামাঝি সময় প্রয়াত সঞ্জীব চৌধুরীর সঙ্গে ‘দলছুট’ ব্যান্ড গঠন করে বাংলা গানের জগতে নতুন ধারা তৈরি করেন তিনি।
১৯৯৭ সালে দলছুটের প্রথম অ্যালবাম ‘আহ’ মুক্তি পায়। সেটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। সেই সময় থেকেই ‘দলছুট’ হয়ে ওঠে বাংলা ব্যান্ড সংগীতের এক জনপ্রিয় নাম। বাপ্পা-সঞ্জীব জুটির গান হয়ে ওঠে শহুরে তরুণদের মনের কথা।
সেই থেকে গান নিয়ে চলছে বাপ্পা মজুমদারের অবিরাম যাত্রা। গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনাও করছেন নিয়মিত। সেই সংগীত জীবনের নানা গল্প তুলে ধরবেন মাছরাঙা টেলিভিশনের একটি অনুষ্ঠানে। চ্যানেলটির জনপ্রিয় সেলিব্রেটি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ সিজন-২’-এ পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাপ্পা মজুমদার।
শোনাবেন সংগীত জীবনের অবিচ্ছেদ্য অংশ আজিজ সুপার মার্কেটের আড্ডা, গানের সুর ও কথার গভীর আলোচনা, রাতভর রেকর্ডিং, প্রথম স্টেজ শোর উত্তেজনা, কিংবা ভক্তদের আবেগ মিলিয়ে নব্বইয়ের সংগীতজীবন বাপ্পার মনে জাগায় গভীর নস্টালজিয়া। এই সময়ের গানের নানা দিক নিয়েও কথা বলবেন বাপ্পা মজুমদার।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ অনুষ্ঠানটি আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফ এম এ প্রচারিত হবে।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
সময়ের আলো/প্রিন্ট/জেডি