প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:১০ এএম
হলিউডের জনপ্রিয় তারকা জেন্ডায়া । ছবি : সংগৃহীতচলতি সময়ে হলিউডে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় তারকা জেন্ডায়া। বড় বাজেটের কাজ, নতুন সব চরিত্র আর অ্যাওয়ার্ডের লড়াই— সবমিলিয়ে চারদিকে এখন তাকে নিয়েই আলোচনা। এই ব্যস্ততার ভিড়ে তার ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি নতুন সায়েন্স ফিকশন ছবি। প্রশংসিত সিনেমা ‘সিভিল ওয়ার’ ও ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’ -এর নির্মাতা ও চিত্রনাট্যকার অ্যালেক্স গারল্যান্ড পরিচালনা করবেন এটি। যদিও প্রজেক্টটির বিস্তারিত প্লট বা চরিত্র নিয়ে এখনও নির্মাতার পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবে এতে জেন্ডায়ার নাম যুক্ত হওয়ার পর থেকেই দর্শকদের মাঝে কৌতূহল তুঙ্গে উঠেছে।
শোনা যাচ্ছে, গারল্যান্ডের নিজস্ব মৌলিক চিত্রনাট্য থেকেই তৈরি হচ্ছে ছবিটির মূল গল্প, যেখানে পর্দায় গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা মিলবে জেন্ডায়ার। তবে ছবির অফিসিয়াল নাম, কাহিনির পটভূমি কিংবা অন্য কলাকুশলীদের নাম এখনও প্রকাশ করেননি পরিচালক। সায়েন্স ফিকশন জনরায় গারল্যান্ডের মুন্সিয়ানা আর জেন্ডায়ার সাবলীল অভিনয় মিলে পর্দায় কী দারুণ কিছু উপহার দেয়, সেটাই এখন দেখার বিষয়।
অন্যদিকে জেন্ডায়ার বহুল প্রতীক্ষিত ছবি ‘ডিউন : পার্ট থ্রি’ নিয়ে চলচ্চিত্র পাড়ায় উন্মাদনার শেষ নেই। ডেনিস ভিলনেভের নির্দেশনায় এই কিস্তিতেও ‘চানি’ চরিত্রেই দেখা যাবে তাকে, আর তার বিপরীতে পল অ্যাট্রেইডিস চরিত্রে যথারীতি থাকছেন টিমোথি শ্যালামে। চলতি বছরের ১৮ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা রয়েছে। এমনকি মুক্তির আগেই চানির চরিত্রে তার অনবদ্য অভিনয় নিয়ে সেরা অভিনেত্রী হিসেবে অস্কারের প্রচারে তার নাম আসার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে এটি কোনো অফিসিয়াল মনোনয়ন বা চূড়ান্ত তালিকা নয়, সিনেমাটি মুক্তির পরই কেবল বোঝা যাবে পুরস্কারের দৌড়ে তিনি কতদূর এগোতে পারেন।
চলতি বছর জেন্ডায়ার কাজের পরিধি ছিল বেশ বিস্তৃত। ‘দ্য ড্রামা’, ‘স্পাইডার ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ এবং ‘দি ওডিসি’র মতো ভিন্ন ধারার বড় সব প্রজেক্টে তার সরব উপস্থিতি নজর কেড়েছে। শুধু লাইভ-অ্যাকশন ছবিই নয়, এবার বড়পর্দার গণ্ডি পেরিয়ে নতুন কাজের অভিজ্ঞতার দিকেও পা বাড়াচ্ছেন এই অভিনেত্রী। আসছে বছর মুক্তি পেতে চলা জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজির ছবি ‘শ্রেক ৫’-এ শ্রেক ও ফিওনার কন্যা ‘ফেলিসিয়া’ চরিত্রের জন্য ভয়েস আর্টিস্ট হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পাশাপাশি কিংবদন্তি মিউজিশিয়ান রনি স্পেক্টরের বর্ণাঢ্য জীবনের ওপর ভিত্তি করে নির্মিত বায়োপিক ‘বি মাই বেবি’তেও প্রধান চরিত্রে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন এই তারকা।
সময়ের আলো/প্রিন্ট/এসকে