প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ এএম
শিল্পী সাঈদা শম্পা ও সাব্বির জামান । ছবি : সংগৃহীতসংগীতপ্রেমীদের জন্য আজ মুক্ত হতে যাচ্ছে কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত গান ‘হারিয়ে যাওয়া সেই দিন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী সাঈদা শম্পা ও সাব্বির জামান। এর কথা লিখেছেন দেশের আরেক গুণী গীতিকবি গোলাম মোর্শেদ।
গানের শিরোনামেই রয়েছে নস্টালজিয়ার আভাস। হারিয়ে যাওয়া সময়, ফেলে আসা দিন আর অতীতের নানা অনুভূতিকে ঘিরে গানটি শ্রোতাদের মনে বিশেষ আবেগ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দুই শিল্পীর কণ্ঠে গানটি নতুন করে শ্রোতাদের কাছে পৌঁছে দেবে লাকী আখান্দের সুরের মাধুর্য ও গোলাম মোর্শেদের কথার আবেদন।
গানটি নিয়ে শিল্পী সাঈদা শম্পা বলেন, ‘গানটির কথা ও সুরের মধ্যে যে আবেগ রয়েছে, তা কণ্ঠে ধারণ করে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের ব্যক্তিগত স্মৃতির সঙ্গে মিশে যাবে। আর লাকী আখান্দের মতো একজন কিংবদন্তির সুর করা গান গাওয়া বরাবরই সৌভাগ্যের। আর গোলাম মোর্শেদ ভাইয়ের লিখা গান নিয়ে নতুন করে কিছু বলার নেই। সবমিলিয়ে আশা করছি শ্রোতাদের হৃদয়ের কাছে পৌঁছে যাওয়ার মতো গান এটি।’
শিল্পী সাব্বির জামান বলেন, ‘গানটি আমরা সর্বোচ্চ আবেগ ও আন্তরিকতা দিয়ে গেয়েছি। লাকী আখান্দ স্যারের সুর আর গোলাম মোর্শেদ ভাইয়ের কথায় তৈরি এই গানটি শ্রোতাদের কাছে তুলে ধরতে পেরে ভালো লাগছে। আশা করি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, ‘কিছু গান রয়েছে যেগুলোর সঙ্গে মানুষের স্মৃতি, আবেগ আর জীবনের গল্প জড়িয়ে থাকে। হারিয়ে যাওয়া সেই দিন তেমনই একটি গান। শ্রোতারা গানটির মধ্যে নিজেদের ফেলে আসা দিনগুলোর ছায়া খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার অফিসিয়াল ইউটিউব ও ফেসবুকে মুক্ত হবে গানটি।
সময়ের আলো/প্রিন্ট/এসকে